Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ধর্ষণ চেষ্টা মামলায় প্রৌঢ় গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০১ ডিসেম্বর, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে পঞ্চম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলায় কুতুব উদ্দিন (৬০) নামে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত একই ইউনিয়নের চৌঘরি গ্রামের মৃত ইজ্জাদ আলীর ছেলে রফুল আহমদ পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ই অক্টোবর সকাল ৯টায় সদর ইউনিয়নের স্থানীয় চৌঘরি গোয়াসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী প্রতিদিনের ন্যায় ওই স্কুলের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার জন্য নিজ বাড়ী থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়।

ওই শিক্ষার্থী চৌঘরি বাজারে পৌছা মাত্র কুতুব তার চায়ের দোকানে ডেকে নেয়। এসময় কুতুব উদ্দিন কিশোরীর মুখ চেপে তার চায়ের দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় কিশোরীর চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে কুতুব উদ্দিন পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় ওই কিশোরীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর পর ওসিসিতে ভর্তি করানো হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা (মামলা নং-১) দায়ের করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) এ কে এম ফজলুল হক শিবলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার সাথে জড়িত অন্য আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.