Sylhet Today 24 PRINT

অভিযাত্রির \'মানবতার দেয়াল\'

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০২ ডিসেম্বর, ২০১৮

দেয়ালের হ্যাংগারে ঝুলানো প্যান্ট, শার্ট, গেঞ্জি, শীতের কাপড় সহ বিভিন্ন টাইপের কাপড়। দেয়ালে লেখা- ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান, আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান’।

কেউ বাসা থেকে বের হওয়ার সময় নিজের অতিরিক্ত কাপড় এখানে রেখে যান। আবার অন্য কেউ পাশ দিয়ে যাওয়ার সময় প্রয়োজন মনে হলে এখান থেকে একটি-দুটি করে কাপড় নিয়ে যান। এমন অভিনব উদ্যোগের নামই ‘মানবতার দেয়াল’।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মানবতার এ দেয়াল গড়ে তুলেছেন অভিযাত্রি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন তরুণ-তরুণী।

পাহাড় ঘেরা ও চা বাগান অধ্যুষিত জনপদ হওয়ায় শ্রীমঙ্গলে শীতের প্রকোপ চলে আসে একটু আগে আগেই। প্রচণ্ড শীতে অসহায় হয়ে পড়েন দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষজন। শীতে সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের সমস্যা কিছুটা লাঘব করতে রোববার (২ ডিসেম্বর) সকালে অভিযাত্রির স্বেচ্ছাসেবীরা শ্রীমঙ্গল পৌরসভার কলেজ রোডস্থ উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি দেয়ালে গড়ে তুলেছেন ‘মানবতার দেয়াল’।

এদিকে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এলাকার লোকজন। বাসার অপ্রয়োজনীয় জিনিসপত্র এখন স্থান পাচ্ছে ‘মানবতার দেয়ালে’।

‘মানবতার দেয়াল’ সম্পর্কে জানতে চাইলে অভিযাত্রির সদস্য রাসেল জানান, সমাজের বিত্তবান সচ্ছল মানুষের প্রতি মানবিক আবেদন জানিয়ে তিনি বলেন, সমাজের অবহেলিত অসচ্ছল মানুষদের জন্যে কিছু করতেই সংগঠনের এই ক্ষুদ্র প্রয়াস, তাই  আশা করি আপনাদের অব্যবহৃত জামা কাপড় এইসব দেয়ালে রেখে যাবেন। যার ফলে অসচ্ছল মানুষেরা এখান থেকে  নিয়ে কিছুটা হলেও তাদের চাহিদা মেটাতে পারবে।

অভিযাত্রির আরেক সদস্য অপরাজিতা দেব বলেন, মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহারের অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহারযোগ্য অনেক   পোশাক-পরিচ্ছেদ আমাদের ঘরে অকারণেই পড়ে থাকে। একটা সময় এই পোশাকগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। অথচ একটু আন্তরিক সদিচ্ছাতেই এই পোশাক গুলো ব্যবহারের দ্বারা হয়তো কোনো শীতার্ত মানুষ  উপকৃত হতে পারে।

অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘মানবতার দেয়াল’। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে খুব দ্রুতই ভাইরাল হয়েছে ‘মানবতার দেয়াল’। এমন অভিনব আইডিয়াকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন প্রান্তে মানবতার দেয়াল গড়ে তুলেছে অনেক সামাজিক সংগঠন ও উদ্যমী তরুণেরা।

নজরকাড়া উদ্যোগটি গ্রহণ করে সর্বমহলের প্রশংসা কুড়চ্ছে সুস্থ সংস্কৃতির এই সংগঠনটি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় আগামী কিছুদিনের মধ্যে শ্রীমঙ্গল শহরের গুরুত্বপূর্ণ আরও কয়েকটি পয়েন্টে এরকম দেয়াল তৈরি করে দেওয়া হবে, যাতে করে বৃত্তবানদের এতটুকু সহযোগিতায় অসহায় দরিদ্র মানুষেরা তীব্র এই শীতে কিছুটা হলে ও উষ্ণতা পায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.