বড়লেখা প্রতিনিধি | ০২ ডিসেম্বর, ২০১৮
মৌলভীবাজারের বড়লেখায় সুদীপ দাস (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ ডিসেম্বর) সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজারের শামসুদ্দিন সুপার মার্কেটের ভাড়া ঘরে ফ্যানের হুকের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
সুদীপ দাস ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা ইউনিয়নের সাতবর্গ (দাসপাড়া) গ্রামের মৃত ফটিক দাসের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংক শাহবাজপুর শাখার মাঠকর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী সুদীপ দাস শাহবাজপুর বাজারের শামসুদ্দিন সুপার মার্কেটের ভাড়া করা একটি কক্ষে থাকতেন। শনিবার দিবাগত রাত দশটার দিকে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। এই ঘরে তিনি একা থাকতেন।
রোববার সকালে পাশের বাসার বাসিন্দা গ্রামীণ ব্যাংক শাহবাজপুর শাখা ব্যবস্থাপক সুরুজ মিয়া সুদীপ দাসকে ডাকতে আসেন। কিন্তু অনেক ডাকা ডাকির পর ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। লাশের সুরতহাল করেন শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. জাকারিয়া।
শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এস আই) মো. জাকারিয়া রোববার সন্ধ্যায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, ‘দরজা ভেতর থেকে লাগানো ছিল। এই কক্ষে প্রবেশের একটাই দরজা। কোনো জানালাও নেই। এছাড়া সন্দেহ করার মতও কোনো কিছু পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা।
তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। তার পরিবারে খবর দেওয়া হয়েছিল। স্বজনরা পৌঁছেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।’