সিলেটটুডে ডেস্ক | ০৩ ডিসেম্বর, ২০১৮
‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবসে জেলা শিল্পকলা একাডেমি সিলেট-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে প্রতিবন্ধীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আগত প্রতিবন্ধী শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
স্বপন মাহমুদ ও সুরাইয়া নাসরিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করে গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন, শাহজালাল রাগীব রাবেয়া প্রতিবন্ধী ইন্সটিটিউট ও সিলেট বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের শিল্পীবৃন্দ। একক পরিবেশনায় অংশগ্রহণ করেন চ্যানেল আই খ্যাত প্রতিবন্ধীশিল্পী বিথী রাধা নাথ, সিলেটে আয়োজিত সেরা প্রতিবন্ধী কণ্ঠশিল্পী প্রতিযোগিতার যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিল্পী সুজিত বৈষ্ণব, জিয়া উদ্দিন ও সমীর রঞ্জন বিশ্বাস। এছাড়াও একক সংগীত পরিবেশনায় ছিল প্রতিবন্ধী সেরা শিশু কণ্ঠশিল্পী ইশরাত জাহান শোভা ও রিয়া বেগম। প্রতিবন্ধী শিল্পীদের সকল পরিবেশনা হলভর্তি দর্শকদের মুগ্ধ করে।