সিলেটটুডে ডেস্ক | ০৪ ডিসেম্বর, ২০১৮
সিলেট-১ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় কালে বলেছেন, গণতন্ত্রের জন্য এদেশের মানুষ বারবার রক্ত দিতে হয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধেরও একটি অন্যতম অঙ্গিকার ছিল গণতন্ত্র। কিন্তু বিগত ৪৭বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা স্বৈরাচার-সামরিক শাসনের পথ ধরে দেশকে অবাধ লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। ফলে দেশে বেড়েছে প্রকট ধনবৈষম্য।
তিনি বলেন, শোষণ-বঞ্চনা-লুটপাটের বিপরীতে একটি শোষশমুক্ত সমাজ গড়তে আগামী নির্বাচনে মই মার্কার বিকল্প নেই।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই টুকের বাজার, তেমুখি, মদিনামার্কেট এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় প্রণব জ্যোতি পালের সাথে ছিলেন শ্রমিক নেতা আছাদ আলী, বাসদ সংগঠক আসাদ উদ্দিন, ছাত্র নেতা এনামুল হক ছামি প্রমুখ।
এদিকে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পালের পক্ষে আজ সকাল থেকেই জেলা সমন্বয়ক আবু জাফর, সদর উপজেলা সমন্নয়ক শাহজান আহমদ, সদর উপজেলা কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক রুমন বিশ্বাসের নেতৃত্বে খাদিমপাড়া ইউনিয়নে শ্রমিক-কৃষক সহ বিভিন্ন পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।