সংবাদ বিজ্ঞপ্তি | ০৪ ডিসেম্বর, ২০১৮
সিলেট-১ আসনের প্রার্থী বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য এবং সিলেট জেলা শাখার আহবায়ক কমরেড উজ্জল রায়ের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে আয়োজিত সভায় এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েবকে আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট নির্বাচন প্রস্তুতি কমিটি এবং ৬ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির অধীনে প্রচার উপ-কমিটি, অর্থ উপ-কমিটি এবং দপ্তর ও প্রকাশনা উপ-কমিটি গঠিত হয়েছে।
সভায় বলা হয়- আওয়ামী ফ্যাসিবাদী শাসন এবং বুর্জোয়া শ্রেণীর দ্বি-দলীয় পাল্টাপাল্টির বিপরীতে জনগণের মৌল মানবিক ও ভোটাধিকার রক্ষার দাবিতে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাসদ (মার্কসবাদী) নির্বাচনে কোদাল প্রতীকে অংশ গ্রহণ করছে। নির্বাচনকে ঘিরে বুর্জোয়া রাজনীতির যে নীতিহীন প্রকাশ অর্থাৎ টাকা, পেশি শক্তির মহড়া, তার বিপরীতে জনজীবনের জলন্ত সমস্যা নিয়ে আন্দোলন এবং জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি বিনির্মাণের জন্যে নির্বাচনের সামগ্রিক প্রচার-প্রচারণার পরিকল্পনা প্রণয়ন করা হয়।