সিলেটটুডে ডেস্ক | ০৫ ডিসেম্বর, ২০১৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি’র প্লাটুন কমান্ডারদের চিনের তৈরি শর্টগানে গুলিছুড়া অনুশীলন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ডিসেম্বর) সিলেটের দক্ষিণ সুরমার পূর্বকান্দি প্রজেক্ট হাওরে ও ফেঞ্চুগঞ্জের মমিনপুর ও ময়েনপুর গ্রামের কুশিয়ারা নদীর তীরে এই অনুশীলন কার্যক্রমে আনসার-ভিডিপি’র প্লাটুন কমান্ডাররা অংশ গ্রহণ করে।
দক্ষিণ সুরমা উপজেলার ৭৮টি ভোট কেন্দ্র ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩৬টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে ঐসকল গুলিছুড়া অনুশীলনকারী প্লাটুন কমান্ডারগণ।
গুলিছুড়া অনুশীলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি’র সিলেট জেলা কমান্ড্যান্ট মো. ফখরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া। উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শিব্বির আহমেদ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিনা বেগম ও প্রশিক্ষক মো. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো. ফখরুল আলম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে আনসার-ভিডিপি’র সদস্যদেরকেও আধুনিক আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আনসার-ভিডিপি’র সদস্যরা যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারে তার জন্য এই অনুশীলন করা হয়েছে। আধুনিক আগ্নেয়াস্ত্র অনুশীলনের মাধ্যমে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। তিনি নিষ্ঠার সাথে সবাইকে অনুশীলন করার আহবান জানান।