Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে লাঠির আঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ডিসেম্বর, ২০১৮

সিলেটে প্রতিপক্ষের লাঠির আঘাতে হোসাইন আহমদ (১৮) নামে আহত এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হোসাইন আহমদ পৌর এলাকার মধ্য নিদনপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে ও বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের ঝগড়ার জের ধরে মঙ্গলবার (৪ ডিসেম্বর)  হোসাইনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে একই এলাকার মুহিব আলীর ছেলে ঘাতক সুমন আহমদ (১৬)। তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় সিলেটের বেসরকারি হাসপাতাল ওয়েসিস হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামের প্রবাসী কমর উদ্দিনের পুত্র ফাহিম আহমদ (১০) বাই সাইকেল নিয়ে রাস্তায় বের হলে তাকে লাথি দেয় একই এলাকার মুহিব আলীর পুত্র সুমন আহমদ। বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা দেখে প্রতিবাদ করলে শিক্ষার্থী হোসেন আহমদকে লক্ষ্য করে ভারি বস্তু দিয়ে আঘাত করে সুমন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা অবনতি হওয়া সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

হোসেনের বড়ভাই হাসান আহমদ বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় বখাটে সুমন আমার ভাইয়ে পিঠিয়ে মেরো ফেললো। আমরা তার ফাঁসি দাবি করছি।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ঘাতক সুমনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় সমুনকে একমাত্র আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.