Sylhet Today 24 PRINT

সিলেটে ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ডিসেম্বর, ২০১৮

সিলেট সদর উপজেলার জালালাবাদ থানায় ওয়াজ মাহফিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাকিব খান (৩৩) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে থানার কালারুকা গ্রামে কওমী ও ফুলতলী মতাদর্শের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাকিব পুরান কালারুকা গ্রামের মৃত বাবুল খানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পুরান কালারুকায় গত এক মাস পূর্বে ওয়াজ মাহফিলে পাল্টাপাল্টি হামলা নিয়ে প্রতিবেশী উসমান খান পরিবারের সঙ্গে শাকির খানের পরিবারের পূর্ব বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুরে শাকির খান ব্যবসায়ীক কাজে বাড়ি থেকে বের হন। এসময় উসমান খানের সঙ্গে কথাকটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে ছুরিকাহত হন শাকির খান।

পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে শাকিরকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। এদিকে হত্যাকান্ডের জের ধরে পাল্টা হামলায় একই গ্রামের  নোমান খান (৩৫) ও সাহেল খান (৩৫) আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের পরিবারের দাবি, শাকির খানের পরিবারের সদস্যরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। 

নিহত শাকির খানের চাচা জামাল খান জানান, বৃহস্পতিবার সকালে প্রতিবেশী আলাউদ্দিন খানের বাড়িতে বৈঠকের পরই আমার ভাতিজার ওপর হামলা চালানো হয়েছে বলে শুনতে পেরেছি। হামলাকারীরার শাকিরকে পূর্ব পরিকল্পিত ভাবেই হত্যা করেছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় স্থানীয়রা হামলাকারীদের আটক করে পুলিশে সপোর্দ করেছে। বৃহস্পতিবার রাতেই শাকিরের দাফন শেষে মামলা করবেন বলে জানান তিনি।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন-অর-রশীদ বলেন, পূর্বে ওয়াজ মাহফিল কেন্দ্রীয় একটি বিরোধের জের ধরে হামলায় শাকির খান খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত উসমান খানসহ  ৯জনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.