মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট | ০৬ ডিসেম্বর, ২০১৮
আসন্ন ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরব হতে চলেছে সিলেট ৪ আসনের ৩টি উপজেলার মাঠ, ঘাট। আওয়ামী লীগ-বিএনপিসহ নির্বাচনে থাকা দল গুলোর তরফে গণসংযোগ, ওঠান বৈঠকসহ জনসাধারণের মন জয়ে শুরু হয়েছে নানা তৎপরতা।
আসন্ন নির্বাচনের এ আসন থেকে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে ১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হয়। বাকি ৭ প্রার্থীর মধ্যে বিএনপি-আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের মধ্যেই থাকছে আসন্ন নির্বাচনের সকল হিসেব নিকেশ। এই আসনে আলোচিত দুই হেভিওয়েট প্রার্থী হলেন- বর্তমান সাংসদ ইমরান আহমদ ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম।
আওয়ামী লীগ থেকে বর্তমান সাংসদ ইমরান আহমদকে দলীয় মনোনয়ন দেয়ায় তিনি এ আসনের ৩টি উপজেলা জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ জুড়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। তার সাথে গণসংযোগ, ওঠান বৈঠকে নৌকায় ভোট চাইছেন এ আসনের নৌকার মনোনয়ন বঞ্চিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল। ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় সভানেত্রীর নির্দেশের প্রতি সম্মান জানিয়ে ইমরানের পক্ষে একাট্টা হয়ে নৌকায় ভোট চাইছেন এসব মনোনয়ন বঞ্চিতরা।
একান্ত আলাপকালে মনোনয়ন বঞ্চিতরা জানান, দল আমাদের আওয়ামী লীগ, প্রতীক নৌকা আর নৌকার মাঝি ইমরান আহমদ। তাকে বিজয়ী করা ছাড়া আপাতত অন্য কোন চিন্তাই আমাদের মাথায় নেই। তাদের কথার বাস্তবতাও পাওয়া যায়। সরজমিনে দেখা যায় বুধবার গোয়াইনঘাটের তোয়াকুল, বৃহস্পতিবার কোম্পানিগঞ্জের বিভিন্নস্থানে সরাসরি উপস্থিত হয়ে তারা বর্তমান সাংসদ ইমরান আহমদের জন্য নৌকায় ভোট প্রার্থনার পাশাপাশি এ আসনে সরকারের বাস্তবায়িত উন্নয়নের বার্তাই তুলে ধরছেন।
এদিকে আনুষ্ঠানিকভাবে মাঠে না নামলেও এই নির্বাচনী এলাকায় জনসাধারণ, নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও কুশলাদী বিনিময় শুরু করছেন সাবেক সাংসদ বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী দিলদার হোসেন সেলিম। তিনি নির্বাচনী এলাকায় সভা সমাবেশ করতে না পারলেও সিলেটের বাসায় পুরোদমে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি বুধবার তিনি গোয়াইনঘাটের পাচসেউতি, বারহাল, মঞ্জিলতলা বাজার, লাফনাউট বাজারসহ বেশ কিছু এলাকায় জনসাধারণ ও নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা, কুশলাদী বিনিময় ও গণসংযোগ করেন।
বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সাবেক এই সাংসদ গণসংযোগকালে জনসাধারণের কাছে তাকে ধানের শীষে ভোট প্রার্থনার পাশাপাশি সবার দোয়া কামনা করেন।