Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে অগ্নিদগ্ধ সেই শিক্ষকের মৃত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৬ ডিসেম্বর, ২০১৮

সিলেটের বিয়ানীবাজারের জলঢুপে দুর্বৃত্তের দেয়া পেট্রোলের আগুনে দগ্ধ প্রবীণ শিক্ষক বিনয়েন্দু ভূষণ চক্রবর্তী মারা গেছেন।

ঢাকার সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে বসুদেব চক্রবর্তী।
 
জানা যায়, গত ৩০ নভেম্বর শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকার নিজ বাড়ির উঠোনে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে অগ্নিদগ্ধ প্রবীণ শিক্ষকের আর্তচিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থার অবনতি ঘটলে পরদিন সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকার সিটি হাসপাতালে ৬দিন চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।  

এ দিকে তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়ার সাথে জড়িত দুইজনকে পুলিশ মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে। জয় লাল নাথ ও জয়ন্ত লাল নাথ নামের এ দুইজনকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃত জয় লাল নাথ আদালতে ১৬৪ ধারায় ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.