সিলেটটুডে ডেস্ক | ০৭ ডিসেম্বর, ২০১৮
গণআন্দোলনকে শক্তিশালী করতে বাসদ (মার্কসবাদী) এর প্রার্থী কমরেড উজ্জল রায়কে কোদাল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সংঘটনের নেতারা।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনে বাসদ মার্কসবাদী মনোনীত প্রার্থী ও কোদাল মার্কার সমর্থনে সিলেটের দলদলি চা বাগানে মতবিনিময় ও গণসংযোগ করা কালে এই আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট ১ আসনের প্রার্থী উজ্জল রায়, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক হৃদেশ মুদি, দলদলি বাগান পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস, মোহাম্মদ আবুল কালাম প্রমুখ।
এদিকে কাষ্টগড় এলাকায় হরিজন পল্লীতে কমরেড উজ্জল রায় ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানের নেতৃত্বে গণসংযোগ করা হয়। এছাড়াও রায়নগরের দর্জিবন্ধে এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এলাকার সংগঠক আল আমিনের পরিচালনায় এবং কমরেড উজ্জল রায়ের উপস্থিতিতে মতবিনিময় সভায়, আওয়ামী ফ্যাসিবাদী শাসন এবং বুর্জোয়া শ্রেণীর দ্বি-দলীয় পাল্টাপাল্টির বিপরীতে জনগণের মৌল মানবিক ও ভোটাধিকার রক্ষার দাবিতে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আহ্বান জানানো হয়। নির্বাচনকে ঘিরে বুর্জোয়া রাজনীতির যে নীতিহীন প্রকাশ অর্থাৎ টাকা, পেশি শক্তির মহড়া, তার বিপরীতে জনজীবনের জ্বলন্ত সমস্যা নিয়ে আন্দোলন এবং জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি বিনির্মাণের জন্যে নির্বাচনে কোদাল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানানো হয়।