Sylhet Today 24 PRINT

সিলেটের অবৈধ মৎস্য ব্যবসায়ীদের অপসারণে ৭ দিনের আল্টিমেটাম

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৮

সিলেট নগরীর বন্দরবাজার-লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে সিটি কর্পোরেশনের সামনের রাস্তা ও জেলা পরিষদের সামনের রাস্তা থেকে অবৈধ মৎস্য ব্যবসায়ীদের অপসারণের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সিলেটের অবৈধ মৎস্য ব্যবসায়ীদের অপসারণে ৭ দিনের আল্টিমেটাম দেন মৎস্য ব্যবসায়ীরা।

সংগঠনের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক গুলজার আহমদ জগলুর পরিচালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাজী সালাউদ্দিন, জহির উদ্দিন কুনু, দারা মিয়া, সাইস্তা মিয়া, আফতাব উদ্দিন, সাদেক মিয়া, রুমেল আহমদ, মামুন রশীদ, ফজলু মিয়া, ইরাই মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কিছু সংখ্যক অবৈধ পুলিশের কারণে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সিটি কর্পোরেশনের সামনের রাস্তা ও জেলা পরিষদের সামনের রাস্তায় এসব ব্যবসায়ীরা নির্দিধায় তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। এতে বৈধ ব্যবসায়ীরা ট্যাক্স, ভ্যাট সহ সরকারি সমস্ত কর পরিশোধ করেও এদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অতীতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, এসএমপি পুলিশ কমিশনার, জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেও কোন প্রতিকার পাননি বৈধ মৎস্য ব্যবসায়ীরা।

অনতিবিলম্বে এসব অবৈধ মৎস্য ব্যবসায়ীদের রাস্তা থেকে অপসারণের দাবি জানিয়ে বক্তারা বলেন আগামী ৭ দিনের মধ্যে অবৈধ মৎস্য ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে রাস্তায় অবস্থান, বিক্ষোভ মিছিল সহ কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.