সিলেটটুডে ডেস্ক | ০৭ ডিসেম্বর, ২০১৮
সিলেট-১ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি বলেছেন, দেশে আজ গণতন্ত্র নাই, বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। সভা-সমাবেশে বাধা প্রদান, গুম-খুন-ক্রসফায়ারে বিচার বহির্ভূত হত্যা, নারী-শিশু হত্যা ও কালো আইনের বেড়াজালে গণতান্ত্রিক মৌলিক অধিকার হরণ, ন্যায় সঙ্গত আন্দোলনে দমন-পীড়ন, নির্যাতন বর্তমান সরকারের প্রাত্যহিক ঘটনায় পরিণত হয়েছে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে অকার্যকর করা হয়েছে। স্বৈরতান্ত্রিক শাসন দেশকে ক্রমাগত অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। স্বৈরতান্ত্রিক শাসন অবসানে মই মার্কার ভোট দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল থেকে করেরপাড়া, হাওলদারপাড়া, কালীবাড়ি এলাকায় পরিচিতজনদের সাথে কুশলবিনিময় শেষে বিকেল ৪টায় তারাপুর বাগান চা শ্রমিক ফেডারেশনের সভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের বিজয় মোধি, ভারতী, বিষ্ণু দাশ, সুরঞ্জিত মোধি, সমতা মোধি প্রমুখ।