Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

হোসেন উদ্দিন হত্যা

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৮ ডিসেম্বর, ২০১৮

বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী হোসেন উদ্দিন হত্যার ঘটনায় জড়িতের ফাঁসির দাবিতে উত্তাল বিয়ানীবাজার পৌরশহর। শনিবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টায় বিয়ানীবাজার সরকারি কলেজ ফটকের সম্মুখ সড়কে হত্যায় জড়িত সুমনের ফাঁসির দাবিতে শিক্ষার্থীরা এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বিয়ানীবাজার সরকারি কলেজের শতশত শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ও নিহত হোসেনের দুই ভাই-বোন, স্বজন ও সাধারণ শিক্ষার্থীরা ঘাতক সুমনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করে তারা বলেন- কলেজ শিক্ষার্থী হোসেন অন্যায়ভাবে খুন করা হয়েছে। খুন করা হয়েছে দেশের একজন মেধাবীকে, একজন ভবিষ্যৎ কর্ণধারকে। অবিলম্বে নিহত হোসেনের ঘাতক সুমনকে আগামী ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

এসময় শিক্ষার্থীরা মানববন্ধনে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ঘাতক সুমনের ফাঁসি চাই’, ‘হোসেন হত্যার বিচার চাই’, ‘১২ ঘন্টার ভেতরে ঘাতক সুমনকে গ্রেপ্তারের দাবিসহ বিভিন্ন ধরনের দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে।

প্রসঙ্গগত, সোমবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামের প্রবাসী কমর উদ্দিনের পুত্র ফাহিম আহমদ (১০) বাইসাইকেল নিয়ে রাস্তায় বের হলে তাকে লাথি দেয় একই এলাকার মুহিব আলীর পুত্র সুমন আহমদ। বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা দেখে প্রতিবাদ করলে শিক্ষার্থী হোসেন আহমদের মাথা লক্ষ্য করে ভারি বস্তু দিয়ে আঘাত করে সুমন। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা অবনতি হওয়া সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.