Sylhet Today 24 PRINT

সিলেটে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৮

সিলেট নগরীতে এক সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে নগরীর জিন্দাবাজারে সহিরপ্লাজার পার্শ্ববর্তী পালকি রেস্টুরেন্টের গলিতে অবস্থিত ‘আলিয়া স্টোর’ নামের ওই প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এই ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক সালমান ফরিদ।

তিনি জানান, চোর তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ অন্তত ৩০ হাজার টাকা, বিকাশ, ফ্ল্যাক্সিলোডের ৪টি মোবাইল ফোন সেট এবং বিপুল পরিমাণ রিচার্জ কার্ড নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকার মতো।

শনিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চুরির ঘটনা দেখতে পান জানিয়ে ওইদিন সকালেই এ নিয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলে তিনি জানান।

এদিকে একইদিনে জিন্দাবাজারের সহির প্লাজার অটোক্লিন নামক প্রতিষ্ঠানেও চুরির ঘটনা ঘটেছে। ওই প্রতিষ্ঠানে চোর তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ অন্তত ৫০ হাজার টাকা নিয়ে যায়। অপরদিকে এর দুদিন আগে পার্শ্ববর্তী প্রীতিরাজ রেস্টুরেন্টেও চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

চুরির ঘটনা প্রসঙ্গে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, নগরীতে একজন সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ পেয়েছি। এছাড়াও একই দিনে আরও একটি প্রতিষ্ঠানে চুরি হয়েছে। আমরা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.