Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০১৮

সিলেটের গোয়াইনঘাটে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

রোববার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল। পরে প্রশাসন কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি ও সচেতন মহলের উপস্থিতিতে র‌্যালি বের করা হয়।

র‌্যালি পরবর্তী 'আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই' শীর্ষক ব্যানার সামনে নিয়ে উপজেলা শহীদ মিনার চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা দেড়টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষক ইউসুফ কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মালিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি), আশিকুর রহমান চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যন আফিয়া বেগম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহান উদ্দিন, মাস্টার সিরাজ উদ্দিন প্রমুখ।

বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তছলিমা, জাইকা প্রকল্পের কর্মকর্তা রায়হান কবির, প্রজিব কর্মকর্তা শুষান্ত কুমার দাস প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

পরে দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানেও প্রধান অতিথি ছিলেন বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল।

সমবেত শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বলেন, সমাজের দুর্নীতি নামক বিষবৃক্ষকে চিরতরে উপড়ে ফেলতে হবে। এই বিষবৃক্ষ স্বমূলে উৎপাটন করা হলে দেশ আরও এগিয়ে যাবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের সুন্দর বাংলাদেশের প্রতিনিধি। তাই এই শিক্ষাঙ্গন থেকেই দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

তিনি সবাইকে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্যও পাঠ করান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সেলিম উল্যাহ, সহকারী প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ দে চন্দন, সিনিয়র শিক্ষক দেবব্রত ভট্টাচার্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষক ইউসুফ কামাল ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মালিক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.