Sylhet Today 24 PRINT

সিলেটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৮

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের আয়োজনে টেকসই উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সুশাসন: দুর্নীতির বিরুদ্ধে একসাথে এ প্রতিপাদ্যে সিলেটে দুর্নীতিবিরোধী মানববন্ধন পালিত হয়েছে।

রোববার (৯ ডিসেম্বর) দ্বিতীয়বারের মত প্রত্যক্ষভাবে সরকারের সাথে যুগপৎভাবে দিবসটি উদযাপন করছে টিআইবি। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সাথে টিআইবি যৌথভাবে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহায়তায় সারাদেশের ৬৪ জেলায় মানববন্ধন আয়োজনের সিদ্ধান্তের প্রেক্ষিতে জেলা প্রশাসনের কর্মসূচির সাথে সমন্বয় করে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেট আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করে।

বাংলাদেশ সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এবং সাধারণ জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০১৩ সাল থেকে ৯ ডিসেম্বর ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ কে সরকারিভাবে পালনের স্বীকৃতির দাবি জানিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ২০১৭ সালে প্রথমবারের মতো সরকারিভাবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করার মাধ্যমে অন্যান্য সদস্য রাষ্ট্রের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। টিআইবি ২০০৪ সাল থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করে আসছে।

রোববার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা এক বাক্যে বলেন ” আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই”।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। সকাল সাড়ে নয়টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর দুর্নীতিবিরোধী ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণ দুর্নীতিবিরোধী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, দুদকের বিভাগীয় পরিচালক, সনাক সিলেটের সভাপতি আজিজ আহমদ সেলিম, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক, টিআইবি সিলেট ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সনাক-টিআইবি’র ইয়েস গ্রুপ, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সততা সংঘ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.