Sylhet Today 24 PRINT

জৈন্তাপুর সড়ক দূর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত, সড়ক অবরোধ

জৈন্তাপুর প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৮

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত পল্লী বিদ্যুৎ গেইট সংলগ্ন এলাকায় পিলার বোঝাই ট্রাকের সাথে মটর সাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে ২জন নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষোব্ধ জনতা খাম্বা বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে এবং সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে।

এলাকাবাসীসূত্রে জানা যায়- গর্দ্দনা এলাকা হতে দরবস্ত বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সম্মুখে অবৈধভাবে পার্কিং করা খাম্বা বোঝাই ট্রাকের (কুমিল­া-ট-১১-২২১৫) পিছনের দিকে মোটর সাইকেল ধাক্কা লেগে ঘটনাস্থলে ২ মটর সাইকেল আরোহী নিহত হন। নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত বাজারের আল-মদিনা হোটেলের মালিক গর্দ্দনা গ্রামের মৃত সামসুল হকের ছেলে নুর আহমদ(৪০), তারই চাচা মৃত উসাই মিয়ার ছেলে আব্দুল হান্নান(৫৫)। ঘাটনার পর পর বিক্ষোব্ধ জনতা উত্তেজিত হয়ে খাম্বা বোঝাই ট্রাকটিতে অগ্নিসংযোগ করে এবং সড়ক অবরোধ করেন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই একই স্থানে অবৈধ ভাবে খাম্বা বোঝাই ট্রাক পার্কিং এবং রাস্তার পাশ দখল করে খাম্বা রাখার ঘটনায় যাত্রীবাহি বাস দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলে ৪জন এবং চিকিৎসাধীন অবস্থায় ১জন নিহত হন। এ ঘটনার পর পর সিলেট জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিগণ ঘটনাস্থল পরিদর্শন করে খাম্বা বোঝাই ট্রাক না রাখা এবং রাস্তার দুপাশ হতে খাম্বা অপসারনের নির্দেশ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অজ্ঞাত কারনে রাস্তা হতে খাম্বা অপসারন করেনি বরং রাস্তার দুপাশে খাম্বা মজুদ বাড়িয়ে দেয়।

এদিকে গাড়ীতে অগ্নি সংযোগের খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্সের সৈয়দ ফারুকের নেতৃত্বে ১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.