কমলগঞ্জ প্রতিনিধি | ১২ ডিসেম্বর, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জে গাছের মধ্যে পানচাষ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার লাউয়াছড়া খাসিয়া পুঞ্জিতে বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র চট্টগ্রাম ও লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্র (সিলভিকালচার রিসার্চ বিভাগ) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র চট্টগ্রাম এর বিভাগীয় বন কর্মকর্তা নুসরত জাহান।
লাউয়াছড়া পুঞ্জির মন্ত্রী ও বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমীর সভাপতিত্বে ও বন গবেষণা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্রের সহকারী রেঞ্জ কর্মকর্তা আবুল কাসেম, খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং, লাউয়াছড়া পুঞ্জির প্রবীণ ব্যক্তি মো. হাতিম আলী, নারী নেত্রী লায়লা ডিখার ও লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা পরিবেশ বান্ধব পদ্ধতিতে গাছ ও পরিবেশের ভারসাম্য ঠিক রেখে কিভাবে গাছে পানচাষ করা যায় তা সবার মাঝে তুলে ধরেন।
ভবিষ্যতে গাছে পান চাষের সব ধরনের গবেষণার আশ্বাস দেন এবং সবাইকে সচেতন ও গবেষণার কাজে সহযোগিতা করার জন্য আহবান জানান হয়।
মতবিনিময় সভায় লাউয়াছড়া পুঞ্জিতে বসবাসরত তরুণ-তরুণীসহ পানচাষী মানুষজন উপস্থিত ছিলেন।