নিউজ ডেস্ক | ১৯ জানুয়ারী, ২০১৫
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড়ে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী যুবক আহত হয়েছেন। আহত শাহাব উদ্দিন (২০) হাদারপাড়ের মফিজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহাব উদ্দিন সোমবার সকালে হাদারপাড় সীমান্তবর্তী এলাকায় গরু চড়াতে যান। এক পর্যায়ে গরু চড়াতে গিয়ে ভারত সীমান্তের ভিতরে ঢুকে পড়েন। তখন ভারতীয় খাসিয়ারা শাহাব উদ্দিনকে লক্ষ্য করে ছররা গুলি মারে । এতে সে গুরুতর আহত হয়।
শাহাব উদ্দিনের সাথে থাকা অন্য দুই যুবক বাংলাদেশ সীমান্তে আসতে পারলেও গুলিবিদ্ধ শাহাব উদ্দিন আটকা পড়েন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে ধরে নিয়ে যায়। বিকালে ৪টি গরুসহ সাহাব উদ্দিন কে বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ।
পরে আহত সাহাব উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।