Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আব্দুস শহীদের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

মৌলভীবাজার-৪ আসন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাত নয়টায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার স্টেশন রোডে এ কার্যালয় উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে আগত দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ সময় সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের সম্ভাবনার একটি দেশ। এ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এ জন্য তিনি দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের যার যার এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আওয়ামী লীগের কমলগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ বুলবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসলম ইকবাল মিলন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুনর রশীদ ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজীব প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.