নিজস্ব প্রতিবেদক | ১৮ ডিসেম্বর, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ‘শান্তিতে বিজয়’ কর্মসূচির অংশ হিসেবে ‘শান্তি জিতলে জিতবে দেশ’ এই স্লোগানে সিলেটে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর প্রতিযোগিতার ফাইনালে লড়বে সিলেট বন্ধুসভা ও এমসি কলেজ বন্ধুসভা।
রোববার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে জিন্দাবাজারে অবস্থিত নজরুল একাডেমিতে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‘এই সংসদ মনে করে যে, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকাই পারে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে’ এ বিষয়ের উপর সংসদীয় নিয়মে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব, সিলেট বন্ধুসভা, এমসি কলেজ বন্ধুসভা এবং বিজয় একাত্তর ডিবেটিং ক্লাব।
বিষয়ের পক্ষে এবং বিপক্ষে বিতর্ক করেন দলনেতা এবং বক্তারা। নিজেদের পক্ষে যুক্তি, তথ্য-উপাত্ত উপস্থাপন করে বিতর্কে বিজয়ী হয় সিলেট বন্ধুসভা এবং এমসি কলেজ বন্ধুসভা। আগামী ২০ ডিসেম্বর ফাইনালে বিজয়ী দুই দল মুখোমুখি হবে।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম। স্পিকারের দায়িত্ব পালন করেন মৃত্তিকায় মহাকালের পরিচালক এবং আবৃত্তিকার সাইমুম আনজুম ইভান।
বিতর্ক শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট এর বিভাগীয় সমন্বয়কারী সুদীপ্ত চৌধুরী, মোহাম্মদ জাহিদ সারওয়ার সবুজ, ফরহাদ আহমদ প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট এর বিভাগীয় সমন্বয়কারী সুদীপ্ত চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মৃত্তিকায় মহাকালের পরিচালক এবং আবৃত্তিকার সাইমুম আনজুম ইভান।