Sylhet Today 24 PRINT

দুর্ব্যবহারের অভিযোগ, আধুনিক হাসপাতাল ‘বর্জন’ চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক |  ২১ ডিসেম্বর, ২০১৮

ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনে নগরীর রিকাবীবাজারের আধুনিক হাসপাতালে দায়িত্বপালন থেকে বিরত রয়েছেন চিকিৎসকরা। গত ১৬ ডিসেম্বর কর্তব্যরত এক চিকিৎসকের সাথে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কয়েস আহমদ দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।

ওইদিন থেকে এ হাসপাতালে দায়িত্ব পালন করছেন না তরুণ চিকিৎসকরা। ফলে কোনো 'ডিউটি ডাক্তার' ছাড়াই চলছে হাসপাতালটির কার্যক্রম। এতে রোগীরা ভোগান্তিতে পড়ছেন বলেও অভিযোগ ওঠেছে।

১৬ ডিসেম্বর আধুনিক হাসপাতালে দায়িত্বরত থাকা চিকিৎসক সাইফুর রহমান বলেন, হাসপাতালের এমডি চিকিৎসক না হওয়া সত্ত্বেও রোগীকে তার ইচ্ছা অনুযায়ী ব্যবস্থাপত্র প্রদান করতে বলেন। এতে আমি রাজী না হওয়ায় তিনি আমার সাথে দুর্ব্যবহার করেন।

এর প্রতিবাদে সকল চিকিৎসকরা ওই হাসপাতালে দায়িত্বপালন থেকে বিরত রয়েছেন। চিকিৎসক ছাড়াই চলছে এ হাসপাতালের কার্যক্রম।

এ ব্যাপারে আধুনিক হাসপাতালের এমডি কয়েস আহমদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.