Sylhet Today 24 PRINT

লিবিয়ায় হবিগঞ্জের মুসলেউদ্দিনসহ দুই বাংলাদেশি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৫

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিবিয়ায় বিবদমান দু'দলের সংঘর্ষে দুই বাংলাদেশি নিহত ও আরও দুজন আহত হয়েছেন। তাদের একজনের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় এবং অপরজনের বরিশাল।

রাজধানী ত্রিপোলি থেকে ১৮শ' কিলোমিটার দূরে আল কুফরা নগরীতে গত মঙ্গলবার (২১ জুলাই) এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের লাখাই উপজেলার শিকলপুর গ্রামের আব্দুল বাসেদের ছেলে মোসলেউদ্দিন ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ বুটেরদিয়া গ্রামের আবুল কালাম ছেলে মো. আরিফ করিম।

আহতরা হলেন- সাইফুল ইসলাম, পিতা- আব্দুল হামিদ, গ্রাম পাদকোনা, উপজেলা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ ও রাজু মিয়া, পিতা- মতিউর রহমান, গ্রাম- টিকরী উপজেলা- মধুপুর, জেলা টাঙ্গাইল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (মিডিয়া) আরাফাত রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৪ জুলাই) জানানো হয়েছে, নিহতদের মৃতদেহ আল কুফরা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা আল-কুফরাতে নিহতদের মরদেহ দেশে ফেরত আনার উদ্যোগ গ্রহণ করেছেন। তারা দেশে ঊভয় পরিবারের সঙ্গে যোগাযোগও করেছেন। এছাড়া আহতদের সঙ্গে হাসপাতালেও যোগাযোগ করেছেন তারা।

এ ব্যাপারে কেউ লিবিয়ার বাংলাদেশে দূতাবাসে যোগাযোগ করতে চাইলে এএসএম আশরাফুল ইসলাম, কাউন্সিলর (শ্রম), মোবাইল: +২১৬২১৯২৪২২৯ এ যোগাযোগ করতে পারবেন।

উল্লেখ্য, গত ১৪ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদের বিদ্যমান পরিস্থিতিতে লিবিয়াতে গমন না করার পরামর্শ দিয়েছিল। একইসঙ্গে লিবিয়াতে বসবাসরত কোনো নাগরিককে সংঘাতপূর্ণ এলাকা ভ্রমণ না করার জন্যও অনুরোধ জানানো হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.