Sylhet Today 24 PRINT

নিজ খরচে সিলেটে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০১৮

ভোটের প্রচারে নিজ খরচে সিলেট এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট এসে পৌঁছেন তিনি।

সেখান থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এরপর শাহপরান (রহ.) ও বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করবেন। পরে দুপুর ২টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলে বক্তব্য রাখবেন।

শেখ হাসিনা বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে সরকারি খরচে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ সুবিধা থাকলেও সেটি গ্রহণ না করে তিনি সিলেট এসেছেন নিজ খরচে।

এর আগে প্রধানমন্ত্রী চলতি বছরের ৩০ জানুয়ারি সিলেট এসে মাজার জিয়ারত, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলেও বক্তব্য রাখেন।

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা সকল রাজনৈতিক দলের রেওয়াজ হলেও এবার বঙ্গবন্ধুর কন্যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেও বাদ যায়নি সিলেট সফর। পুরনো রেওয়াজ অনুযায়ী মাজার জিয়ারতের মধ্য দিয়েই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামলেন শেখ হাসিনা।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে পুরো সিলেট নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গ্রহণ করা হয়েছে স্তরে স্তরে নিরাপত্তা ব্যবস্থা। কয়েকটি সড়কে যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.