Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সঙ্গে মাজার জিয়ারতে কুলাউড়ার শাহীন

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০১৮

সিলেটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে মাজার জিয়ারত করছেন মৌলভীবাজার-২ আসন (কুলাউড়া) মহাজোটের প্রার্থী এম এম শাহীন।

শনিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি।

এরপর শেখ হাসিনা হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাড়াও সিলেট এসেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

বেলা আড়াইটায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

মৌলভীবাজার-২ আসন থেকে বিএনপির মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০০১ সালে এম এম শাহীন সাংসদ নির্বাচিত হন। চলতি বছরের ১৬ নভেম্বর বিকল্পধারার জরুরী সভায় তাকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে ঘোষণা করেন দলটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মহোজোটের প্রার্থী হিসেবে লড়ছেন তিনি।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে নিজ খরচে শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.