Sylhet Today 24 PRINT

‘সব লাঙ্গল নৌকায় তুলে নিবো’

শাহ শরীফ উদ্দিন |  ২২ ডিসেম্বর, ২০১৮

'আপাতত লাঙ্গল মার্কায় ভোট দেন, নির্বাচন পরে সকল লাঙ্গলকে নৌকায় নিয়ে আসবো' বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

শনিবার (২২ ডিসেম্বর) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

সিলেট বিভাগের ১৯ আসনের মহাজোট মনোনীত সকল প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার সময় সিলেট-২ আসনে মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এহিয়া চৌধুরীকে পরিচয় করিয়ে দিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, 'যদিও তার মার্কা লাঙ্গল, তবুও তাকে আপাতত আপনারা লাঙ্গল মার্কায় ভোট দিন। নির্বাচন শেষে সকল লাঙ্গলকে নৌকায় নিয়ে আসবো।'

এসময় তিনি মৌলভীবাজার-২ আসন থেকে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের বিকল্প ধারার প্রার্থী এমএম শাহীনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, 'ধানের শীষের লোককে নৌকায় তুলে নিয়ে এসেছি।'

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মাজার জিয়ারত শেষে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য নগরীর সার্কিট হাউজে অবস্থান শেষে বেলা ৩ টা ১২ মিনিটে তিনি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এর পর বিকেল ৪ টা ৪ মিনিটে বক্তব্য শুরু করে ৪ টা ৩৮ মিনিট পর্যন্ত বক্তব্য দেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.