Sylhet Today 24 PRINT

এরচেয়ে লজ্জা আর কী হতে পারে?

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে গণফোরামের প্রার্থী রেজা কিবরিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, 'নিজের পিতার হত্যাকারীদের মার্কা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া, এরচেয়ে লজ্জা আর কী হতে পারে?'

হবিগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী প্রয়াত আওয়ামী লীগ নেতা দেওয়ান ফরিদ গাজীর পুত্র দেওয়ান শাহ নেওয়াজ গাজীকে পরিচয় করাতে গিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী এসএম কিবিরিয়াকে যারা হত্যা করেছে তাদের প্রতীকেই নির্বাচন করছেন তারই পুত্র। পিতার হত্যাকারীদের প্রতীক নিয়ে নির্বাচন করার মতো লজ্জা কী হতে পারে বলে উপস্থিত সকলের উদ্দেশ্যে জানতে চান শেখ হাসিনা।

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় সিলেট বিভাগের ১৯টি আসনের মহাজোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে গিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এসময় তিনি ওই আসনে নৌকা প্রতীকের প্রার্থী দেওয়ান শাহ নেওয়াজ গাজীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।

উল্লেখ্য, রেজার পিতা আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ২০০৫ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে গ্রেনেড হামলায় খুন হন। এ ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.