Sylhet Today 24 PRINT

তরুণ চিত্রশিল্পী ও সংবাদকর্মী রাশেদীন ফয়সাল আর নেই!

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুলাই, ২০১৫

তরুণ চিত্রশিল্পী ও অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ২৪ডটকম'র 'নিজস্ব প্রতিবেদক' রাশেদীন ফয়সাল আর নেই। ঢাকার একটি হাসপাতালে দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত সোমবার (১৩ জুলাই) সকালে ফয়সাল মোগলাবাজারস্থ তার গ্রামের বাড়ি থেকে একটি লেগুনা করে সিলেট শহরে আসছিলেন। লেগুনাটি লালমাটিয়া এলাকায় আসার পর সিলেট থেকে যাওয়া একটি আমভর্তি টেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন ফয়সাল।

মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ফয়সালকে সাথে সাথেই ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার কোনো উন্নতি না ঘটায় সোমবার রাতে পৌণে ১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ঢাকায় প্রথমে তাকে মহানগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসা শেষে স্থানান্তর করা হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

শনিবার রাত আটটার দিকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রাশেদীন ফয়সালের মরদেহ নিয়ে রওয়ানা দেওয়া হবে। মরদেহ নিয়ে সরাসরি তার মোগলবাজারস্থ বাড়িতে যাওয়ার পর সেখানে পারিবারিকভাবে দাফন সম্পন্ন হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.