সুনামগঞ্জ প্রতিনিধি | ২৫ জুলাই, ২০১৫
সুনামগঞ্জে র্যাব ও ডিবির আলাদা অভিযানে ইয়াবা, ভারতীয় অবৈধ কাঠ ও নৌকা সহ ৫ জনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে ও ভোররাতে অভিযান চালিয়ে জড়িতদের আটক করা হয়।
ডিবি সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লালপুর এলাকার অচিন্তপুর গ্রাম থেকে ১০০পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এদের ইয়ারাসহ আটক করা হয়। আটককৃতরা হলো, সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা এলাকার চিনাউড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে আবেদ আলী ও একই গ্রামের আফসার আলী ছেলে আমির আলী।
ডিবির এসআই দেবাংশু দাস জানান, ওই দুইজন দীর্ঘ দিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালী এলাকায় শনিবার ভোররাতে সুরমা নদী অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ কাঠ ও ২টি নৌকা সহ ৩জনকে আটক করেছে র্যাব-৯।
র্যাব-৯ সূত্রে জানাযায়, বেশকিছু দিন যাবত সুরমা নদী দিয়ে অবৈধ ভারতীয় কাঠ বিভিন্ন স্থানে পাচার হচ্ছে এমন খবর পেয়ে শনিবার ভোররাতে অভিযানে নামে র্যাব। এর পেক্ষিতে ৯০ঘনফুট কাঠসহ ৩জনকে আটক করা হয়। এসময় কাঠ বহনে ব্যবহার করা ২টি নৌকাও জব্দ করা হয়। আটককৃতরা হলো, সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মাসুক মিয়া, সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের জহুর আলী ও একই ইউনিয়নের হালুয়ারঘাট গ্রামের সুরত আলী। আটককৃতদের সদর থানার মাধ্যমে কোর্টে চালান করা হয়েছে।