Sylhet Today 24 PRINT

‘বিস্মিত’ মকসুদ, পুলিশের তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুলাই, ২০১৫

রাজন হত্যার ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটির রিপোর্টে নিজের নাম উঠে আসা ও বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সাংবাদিক মকসুদ আহমদ। এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে, পুলিশের তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানান সরকারী সংবাদ সংস্থা বাসস'র এই প্রতিনিধি।

রাজন হত্যার ঘটনা ধামাচাপা ও আসামীদের বাঁচানো চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে পুলিশের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিনকে প্রধান করে গঠিত এই কমিটি বৃহস্পতিবার রাতে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদনের ভিত্তিতে জালালাবাদ থানার ওসি (তদন্ত)সহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হয়।

এই প্রতিবেদনে উল্লেখ করা হয়- টুকের বাজার ইউপি সদস্য ও ই্উনিয়ন আওয়ামী লীগের নেতা গিয়াস উদ্দিন এবং সরকারী সংবাদ সংস্থা বাসস'র সিলেট প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা মকসুদ আহমদ পুলিশের সাথে লিঁয়াজো করে এ ঘটনা ধামাচাপা দেওয়া ও আসামীদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।

পুলিশের এই প্রতিবেদনের সূত্র ধরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নিজেকে জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন মকসদ আহমদ। সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এ প্রেরিত প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন-
সামিউল আলম রাজন হত্যাকান্ডে আমি মকসুদ আহমদকে জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদে বলা হয়েছে, রাজনের খুনের ঘটনাকে ধামাচাপা দিতে এবং খুনিদের রক্ষায় আসামিদের পক্ষে লিঁয়াজো করতে আমি মকসুদ আহমদ সংশ্লিষ্ট ছিলাম-এমন তথ্য পুলিশ তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

সংবাদটি দেখে আমি হতভম্ব ও বিস্মিত হয়েছি। এটি কাল্পনিক, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি বলতে চাই- সত্যিই যদি পুলিশের তদন্তে এ ঘটনায় আমার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তদন্ত রিপোর্টটি জনসম্মুখে প্রকাশ করে এ ধরণের অভিযোগ অবশ্যই প্রমাণ করতে হবে।
নতুবা মনে করব- শিশু রাজন হত্যাকান্ডের মতো বহুল আলোচিত ও স্পর্শকাতর হত্যাকা-টি ভিন্নখাতে প্রবাহিত করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ধরণের কাল্পনিক তথ্য সরবরাহ ও প্রচার করা হচ্ছে। আমি এ বিষয়ে যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছি।

শুরু থেকেই আমি এই নির্মম হত্যাকান্ডের তথ্য উদঘাটনে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অত্র এলাকার বাসিন্দা হিসেবে রাজনের খুনিদের ধরিয়ে দিতে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলমান বিভিন্ন কর্মসূচিতে একজন সমাজকর্মী হিসেবে প্রথম থেকে এখন পর্যন্ত সামনের সারিতে দাঁড়িয়ে সক্রিয় ছিলাম, সক্রিয় আছি এবং আগামী দিনেও সক্রিয় থাকব।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.