সিলেটটুডে ডেস্ক | ২৫ জুলাই, ২০১৫
সিলেটে সপ্তম বইপড়া উৎসবের প্রতিযোগীতামূলক পরীক্ষা আগামী ৩১ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় নগরীর দরগাহ মহল্লাস্থ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় সকল প্রতিযোগীদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। শিক্ষার্থীরা এ বছরের নির্বাচিত গ্রন্থ মাহমুদুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক অমর উপন্যাস ‘খেলাঘর’ এর উপর এ পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে।
এদিকে, বইপড়া উৎসবের পরীক্ষাকে সফল করে তোলার লক্ষ্যে এক সভা শনিবার সন্ধ্যায় যুগান্তর সিলেট ব্যুরো অফিসে অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের বিষয়ের উপর গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়কারী প্রভাষক প্রণবকান্তি দেব। এসময় উপস্থিত ছিলেন স্বজন সমাবেশের সহ সভাপতি প্রভাষক সুমন রায়, সাধারণ সম্পাদক সুবিনয় আচার্য্য, সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ, কুলসুমা বেগম, মো. সোহান মিয়া ও মো. শাহ আলম ভূইয়া।
উল্লেখ্য গত ২৫ এপ্রিল বই পড়া উৎসবের উদ্বোধন করা হয়। এদিন আনুষ্ঠানিকভাবে ২ শতাধিক শিক্ষার্থীর হাতে নির্বাচিত গ্রন্থটি তুলে দেয়া হয়। ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিস্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে যুগান্তর স্বজন সমাবেশ গত ৮ বছর যাবৎ এ বই পড়া উৎসবের আয়োজন করে আসছে।