Sylhet Today 24 PRINT

বাসমাশিস নির্বাচন হাসেম-মাহমুদ পরিষদের বিপুল বিজয়

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৫

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) নির্বাচন-২০১৫ এ সিলেট আঞ্চলিক কমিটিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হাসেম-মাহমুদ পরিষদ বিপুল বিজয় পেয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে আঞ্চলিক কমিটির ২২টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৬টি পদেই বিজয়ী হয়েছেন এই পরিষদের প্রার্থীরা।

এছাড়া কেন্দ্রীয় কমিটিতে সিলেট অঞ্চলের দুটি পদেও এই পরিষদের প্রার্থীরা বিজয়ী হন। অন্যদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বাবলী-কবির পরিষদ থেকে ৬ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

সভাপতি পদে হাসেম-মাহমুদ পরিষদের মো. আবুল হাসেম ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে প্রতিদ্বন্দ্বী বাবলী পুরকায়স্থ পেয়েছেন ১৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহমুদুর রহমান ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে এই পদে প্রতিদ্বন্দ্বী কবির খান পেয়েছেন ১৭২ ভোট। একই পরিষদের অলক রঞ্জন পাল ১৮৪ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আজিজুর রহমানকে (১৬৯ ভোট) পরাজিত করেন।
হাসেম-মাহমুদ পরিষদ থেকে তিনটি সহ-সভাপতি পদে মো. মফিজুল হক মোল্লা, ঝলক রঞ্জন তালুকদার ও জরিফুন নেছা বিজয়ী হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে চরিত্রবান সমাজপতি ও রঞ্জন কুমার রায় এবং সহ-সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহম্মদ ও মোহাম্মদ সামসুদ্দিন নির্বাচিত হন। এছাড়া সমাজকল্যাণ সম্পাদক পদে মো. কামাল উদ্দিন এবং তথ্যপ্রযুক্তি ও শিক্ষা গবেষনা সম্পাদক পদে হাসান মামুন বিজয়ী হন।

নির্বাহী কমিটির ছয়টি সদস্য পদের মধ্যে হাসেম-মাহমুদ পরিষদ থেকে নন্দ কুমার সিংহ, আবদুল মান্নান, মো. করিম উদ্দিন ও পংকজ কান্তি দাস বিজয়ী হন। অন্যদিকে বাবলী-কবির পরিষদ থেকে কোষাধ্যক্ষ পদে হরিধন সূত্রধর, দপ্তর সম্পাদক পদে আবু নছর মোহাম্মদ সুফিয়ান, প্রচার সম্পাদক পদে তরুন কান্তি সরকার ও মহিলা বিষয়ক সম্পাদক পদে মাশহুদা আক্তার বিজয়ী হয়েছেন। এই পরিষদ থেকে সদস্য নির্বাচিত হয়েছেন তারেক মিয়া ও মো. আবুল কালাম আজাদ চৌধুরী।

এদিকে একই দিন অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সিলেট অঞ্চল থেকে সহ-সভাপতি পদে মো. আব্দুল মজিদ ১৯৩ ভোট পেয়ে ১৬৫ ভোট প্রাপ্ত অনিল কৃষ্ণ মজুমদারকে এবং সহ-সাধারণ সম্পাদক পদে শংকরানন্দ ভট্টাচার্য ১৯৩ ভোট পেয়ে ১৬৯ ভোট প্রাপ্ত মো. শওকত হোসেনকে পরাজিত করেছেন। কেন্দ্রীয় কমিটিতে বিজয়ী দু’জনই হাসেম-মাহমুদ পরিষদ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সিলেট বিভাগের চার জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভোটে বাসমাশিসের আঞ্চলিক কমিটি গঠিত হয়ে থাকে। এবারের নির্বাচনে ৩শ ৭৭ জন ভোটারের মধ্যে ৩শ ৬১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন ড. সাধন কুমার বিশ্বাস এবং নির্বাচন কমিশনার ছিলেন নাজমুন নাহার শাহীন ও জি.এন.আর আবুল বাশার।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.