হবিগঞ্জ প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮
হবিগঞ্জ-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার গ্রামের বাড়িতে তাঁর বাসভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ। বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে এজাহারভুক্ত আসামির খোঁজে এ তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় মসজিদের মাইকে প্রচার করে গ্রামবাসীকে জড়ো করে পুলিশের কাজে বাধা প্রদান করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল আহমদ সুমনের উপর গত ১৯ ডিসেম্বর স্থানীয় বান্দের বাজার এলাকায় রেজা কিবরিয়ার সমর্থকরা হামলা করে । এ ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় কে বা কারা মসজিদের মাইকে মাইকিং করে এ খবর প্রচার করে গ্রামবাসীকে লাঠিসোটা নিয়ে আসার আহ্বান জানালে গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে জড়ো হন। পরে আসামি না পেয়ে পুলিশ চলে যায়।
এব্যাপারে ড. রেজা কিবরিয়ার একান্ত সহকারী সোহরাব হোসেন মাহদি ও শাহাবুদ্দিন শুভ জানান, তারা বাসায় অবস্থান করছিলেন, এসময় হঠাৎ একদল পুলিশ এসে বাসায় তল্লাশি চালায়। তিনি বলেন, পুলিশ আসামি ধরার নাম করে বিভিন্ন কক্ষে গিয়ে মালামাল তছনছ করতে থাকে। এক পর্যায়ে গ্রামবাসী মসজিদের মাইকে মাইকিং করলে পুলিশ চলে যায়।
এব্যাপারে নবীগঞ্জ থানার এসআই সামছুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত আসামী মুজিবুর রহমান সেফু রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তখন মসজিদের মাইকে অপপ্রচার করে গ্রামবাসীকে বিভ্রান্ত করে পুলিশের কাজে বাধা প্রদান করে। পরে আসামী না পেয়ে আমরা চলে আসি।
ড. রেজা কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি তল্লাশির বিষয়টি নিশ্চিত করেন বলেন, আমাকে হয়রানী করার জন্যই এই তল্লাশি চালিয়েছে। তবে এতে তিনি ভিত নন বলেও জানান।