শ্রীমঙ্গল প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির পূর্ব নির্ধারিত নির্বাচনী সমাবেশে পুলিশ বাধার অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান। এসময় তাঁর ৪ কর্মীকে আটক করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ধানের শীষের এ প্রার্থী বলেন, বুধবার উপজেলার ভূনবীর ইউনিয়নের সাঁতগাও বাজারে পূর্ব নির্ধারিত সমাবেশ ছিলো। এই সমাবেশ সম্পর্কে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা এবং শ্রীমঙ্গল থানাকে লিখিতভাবে জানিয়েছিলাম। সন্ধ্যায় নির্বাচনী সভা শুরুর পাঁচ মিনিট আগে পুলিশ সভাস্থলে এসে জনগণকে আতংকিত করার জন্য আমার চার কর্মী সাইফুল আসলাম, টিপু মিয়া, আব্দুল জব্বার, আব্দুল মুমিন আটক করে ও একজনকে গুলি করে। ভাগ্যক্রমে গুলিটি তার গায়ে লাগেনি। তবে সে সামান্য আহত হয়েছে।পরে আমরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করি ৷
তিনি আরো বলেন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আমার নির্বাচনী এলাকাজুড়ে চলছে পুলিশি হয়রানী। দায়িত্বশীল নেতাকর্মী এমনকি সমর্থকদের বাসাবাড়িতেও চলছে পুলিশি তল্লাশি, হুমকি-ধামকি। যাকে সামনে পাচ্ছে তাকেই আটক করছে। আমার সকল নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ ভোটাররাও চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
অভিযোগের ব্যাপারে জানতে মৌলভীবাজার সিনিয়র পুলিশ সুপার আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন ধরেন নি। তবে শ্রীমঙ্গল ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা বুধবার সন্ধ্যায় মুঠোফোনে সিলেটটুডে কে বলেন, আমরা গুলি চালাইনি বা কাউকে আটকও করিনি। এরকম কোন ঘটনা সম্পর্কে আমার জানা নেই।