Sylhet Today 24 PRINT

শ্রমজীবীদের অধিকার আদায়ে কোদাল প্রতীকে ভোট চাইলেন উজ্জল রায়

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৮

বাসদ (মার্কসবাদী)’র কোদাল প্রতীকের প্রার্থী কমরেড উজ্জল রায় বলেছেন, গত ৪৭ বছর ধরে  মালিক শ্রেণির প্রতিনিধিরা দেশ শাসন করেছে। তারা একদিকে মালিকদের  স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশে সাধারণ মানুষের গণতান্ত্রিক সকল অধিকারকে হরণ করছে অন্যদিকে রাজনীতিকে  এরা  মুনাফা  লোটার  হাতিয়ারে  পরিণত  করেছে।


বুধবার (২৬ ডিসেম্বর) সিলেট-১ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বর্তমান মহাজোট সরকারের সময় যখন প্রতি কেজি চাল প্রায় ৫০টাকা, তখন একজন চা  শ্রমিকের  মজুরি মাত্র ১০২টাকা। যা দিয়ে কোন ভাবে জীবন ধারণ করা যায় না। শুধু তাই নয় এখনও চা শ্রমিকরা প্রায় দাসোচিত জীবন যাপন করছে। বাগানের মুনাফার অংশ শ্রমিকদের প্রাপ্য হলেও তা দেওয়া হয় না, নেই কোন গোষ্ঠী বীমা, শিক্ষানবিশ থাকার পরও শ্রমিকদের নিয়োগ করা হয় না। চা শ্রমিকদের নেই কোন নিয়োগ পত্র। প্রতি সপ্তাহে  শুধু  পাতার  ওজন  কম  দেখিয়ে  ৩১  লক্ষ  টাকা  চা  শ্রমিকদের  ঠকানো  হয়।  শুধু  তাই  নয়,  চা  শ্রমিকদের শিক্ষা, পানীয় জলের  তীব্র  সংকট  রয়েছে।  দেড়শতাধিক  বছর  থেকে  চা  শ্রমিকরা  বাগানে  বসবাস  করলের তাদের জমির উপর  কোন  অধিকার  নেই।

তিনি আওয়ামী লীগ, বিএনপি সরকারের প্রসঙ্গ টেনে বলেন, আওয়ামী লীগ-বিএনপি  নানা  সময়  নানা  নামে  দেশ  শাসন  করেছে। তারা  ভোটের সময় এসে চা শ্রমিকদের অসহাত্বকে  পুঁজি  করে ক্ষমতায় থাকতে কিংবা যেতে চায়। বাসদ (মার্কসবাদী) চা শ্রমিকদের শিক্ষার-ভূমি  অধিকারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন পরিচালনা করছে। এরই  ধারাবাহিকতায় সিলেট-১ আসনে কোদাল প্রতীকে নির্বাচন করছে। জনগণের অধিকার আদায়ের শক্তিকে বিকশিত করতে কোদাল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, রুবেল মিয়া, প্রসেনজিৎ রুদ্র, সাদিয়া নোশিন তাসনিম, তৌহিদুজ্জামান জুয়েল, লক্ষী পাল, ফাহিম আহমেদ চৌধুরী, আল আমিন ,বিশ্বজিৎ শীল, শেখ শামসোজ্জামান কাঞ্চন, তানজিনা বেগম, আসিফ রহমান, রাফি, শাওন, খায়ের, সানজিদা,  ইকরাম, পিনাক, সজীব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.