Sylhet Today 24 PRINT

মোমেনের প্রচারণায় হামলা: ৬ বছর আগে খুন হওয়া ছাত্রদল নেতাও আসামি

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ডিসেম্বর, ২০১৮

ছয় বছর আগে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে খুন হয়েছিলেন সিলেটের ছাত্রদল নেতা মাহমুদ হোসেন শওকত। অথচ গত রোববার নগরীর কানিশাইলে সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের প্রচারণায় হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে আসামি করা হয়েছে।

সিলেটে কোতোয়ালি থানাধীন কানিশাইল খেয়াঘাটের সামনে গত রোববার এই হামলার ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।

সিলেট কোতোয়ালি থানায় ১২০ আসামির নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা বেশ কয়েকজনের কথা উল্লেখ করে দায়েরকৃত মামলাটির ২৭ নম্বরে রয়েছে নিহত সাবেক ছাত্রদল নেতা মাহমুদ হোসেন শওকতের নাম।

এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী নগরীর নাইওরপুর মৌবন ১২/১ বাসার বাসিন্দা মো. ফাহিম আহমদ হামীম।

তার অভিযোগ, রাত ৯টায় খেয়াঘাটের সামনে রিকশায় করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন বাদী। এসময় আসামিরা পথরোধ করে রিকশা থেকে প্রচার মাইক খুলে নেন। বাধা দিলে তাকে গালিগালাজ, মারধরসহ হুমকি দেন এবং তার চারপাশে ককটেল বিস্ফোরণ ঘটান।

বিস্ফোরণের আওয়াজ শুনে কোতোয়ালি থানার টহল পুলিশ এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ লাল স্কচটেপ মোড়ানো দুটি ককটেল উদ্ধার করে বলেও এজাহারে উল্লেখ করেন ফাহিম।

মামলার এজাহারভুক্ত আসামি সাবেক ছাত্রদল নেতা মাহমুদ হোসেন শওকত দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরে নগরীর উপশহরে ২০১২ সালের ২২ মার্চ খুন হন।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, একজন এলাকাবাসী বাদী মামলাটি হয়ে করেছেন। তাৎক্ষণিক বিষয়টি খতিয়ে দেখা সম্ভব হয়নি।

বিষয়টি তদন্ত করে নিহত ছাত্রদল নেতার নাম বাদ দেয়া হবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.