Sylhet Today 24 PRINT

প্রশাসনের পক্ষপাতিত্বে জনপ্রিয়তা বেড়েছে ধানের শীষের: ফয়সল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ডিসেম্বর, ২০১৮

সিলেট-৬ আসনে (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনিত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে সরকার নির্বাচন থেকে বিএনপিকে সরিয়ে দিতে চাচ্ছে। তবে তাদের পক্ষপাতিত্বে ধানের শীষের জনপ্রিয়তাকে আগের থেকে অনেকগুণ বাড়িয়ে দিচ্ছে।  

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায়  সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে করে এসব অভিযোগ করেন তিনি। প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, “গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংসদীয় আসনকে ভোটার শূণ্য করার অশুভ ফন্দি করে গোটা সংসদীয় এলাকায় নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে স্থানীয় প্রশাসন। আমার কোন অভিযোগ আমলে না নিয়ে স্থানীয় প্রশাসন সরকার দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সম্ভাব্য যা কিছু করার দরকার তা করে চলেছে।”

তিনি আরও বলেন, “গত মঙ্গলবার গোলাপগঞ্জের হেতিমগঞ্জে সংগঠিত ঘটনায় আমাকেসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে মামলা দায়ের করা হয়। অথচ ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। পরে পত্রিকায় বিবৃতি দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই।”

দায়ের করা মামলায় নিজে হাইকোর্ট থেকে আগাম জামিন নিলেও  শত শত নেতাকর্মীদের জামিন নেয়া সম্ভভ হয়নি বলে জানান তিনি।

ফয়সল আহমদ চৌধুরী বলেন, পূর্বানুমতি থাকা স্বত্ত্বেও  নির্বাচনী সভা করতে স্থানীয়  প্রশাসন নানা টালবাহানা শুরু করছে। স্থানীয় প্রশাসনের অসহযোগীতা ও মারমুখি আচরণের কারণে আমি বৃহস্পতিবারের শেষ নির্বাচনী সভাটি করতে পারি নি।

তিনি বলেন, “দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভভ নয়। জনবিচ্ছিন্ন কেউ নির্বাচনে জয়লাভ করতে পারে না। কিন্তু সরকার দলীয় প্রার্থী বিনা ভোটে বা কারচুপির মাধ্যমে নির্বাচনে জয়লাভ করার নীল নকশা অনেক আগে থেকেই করে রেখেছেন। আর তাই তিনি নিরবিচ্ছিন্নভাবে গোলাপগঞ্জ উপজেলার অফিসার ইনচার্জ হিসেবে বছরের পর বছর অনিয়মতান্ত্রিকভাবে এ কে এম ফজলুল হক শিবলীকে ধরে রেখেছেন, যাতে নির্বাচনের সময় ওই বেনিফিসিয়ারী তার পক্ষে কাজ করে।”

বিয়ানীবাজারের অফিসার ইনচার্জ ফজলুল হক শিবলীর অতীত সার্ভিস রেকর্ড ঘাটলেও অনেক খারাপ তথ্য পাওয়া যাবে বলে মন্তব্য করেন ফয়সল আহমদ চৌধুরী।

প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্যে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আমি অনুরোধ জানাই। ভোটের অধিকার আদায়ের আন্দোলনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সাধারণ মানুষ এখন ব্যালট বিপ্লবের জন্যে প্রস্তুত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.