Sylhet Today 24 PRINT

মা-বাবার কবর জিয়ারত শেষে দোয়া ও সহযোগিতা চাইলেন মোমেন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৮

মা ও বাবার কবর জিয়ারত শেষে সকলের দোয়া ও সহযোগিতা চাইলেন সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী, জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক প্রতিনিধি ও রাষ্ট্রদূত, অর্থনীতিবিদ ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নগরীর রায়নগরস্থ পারিবারিক কবরস্থানে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে যান এবং মা-বাবার রূহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তিনি।

মোনাজাত শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রচার-প্রচারণা শেষ হয়ে গেছে। রোববার প্রত্যাশিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ মা-বাবা ও দেশের কল্যাণে মহান আল্লাহর কাছে দোয়া করেছি। নির্বাচনে সিলেটবাসীর কাছে আমি দোয়া ও সহযোগিতা চাই।

তিনি বলেন, সিলেটবাসী আমার নির্বাচনী প্রচারে ব্যাপক সহযোগিতা ও সমর্থন যুগিয়েছেন। যাহা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আশাবাদী, এ নির্বাচনে আমার স্লোগান ‘আলোকিত ও উন্নত সিলেট’ গড়তে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রার পথকে সুগম করতে রোববার ভোটের মাধ্যমে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবেন এবং নৌকার বিজয় নিশ্চিত করবেন।

পরে নগরীর হাফিজ কমপ্লেক্সে পরিবারের সদস্য, আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় করেন তিনি। বিকেলে বিভিন্ন ভোটকেন্দ্রে তার নির্বাচনী এজেন্ট ও সেন্টার কমিটিসহ দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভাকাক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নগরীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.