Sylhet Today 24 PRINT

নগরজুড়ে সুনসান নিরবতা, নিশ্চিদ্র নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক |  ২৯ ডিসেম্বর, ২০১৮

শনিবার সন্ধ্যা থেকে সুনসান নিরব হয়ে পড়ে সিলেট নগরী। সন্ধ্যারাতেই নগরীতে দেখা দেয় মধ্যরাতের পরিবেশ। মাঝেমাঝে আইনশৃঙ্খলাবাহিনীর গাড়ি ছাড়া আর তেমন কোনো গাড়ি ছিলো না রাস্তায়। দোকানপাটও বন্ধ হয়ে যায় সন্ধ্যার পর। মানুষজনের চলাচলও নেই বললেই চলে।

ভোট উৎসবের আগের রাতে রাতে নগরঘুরে দেখা গেছে এমন চিত্র।আজ সকাল থেকে সারাদেশের মতো সিলেটেও ভোটগ্রহণ শুরু হবে।

নির্বাচনের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিলেট বিভাগের ১৯টি আসনে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতিই নেয়া হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ কার্যক্রম চলবে।

নির্বাচনে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান।

র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিতে র‌্যাবের পাঁচ শতাধিক সদস্য সার্বক্ষণিক মাঠে থাকবেন।

এদিকে, শনিবার দিনভর সিলেট বিভাগের সকল ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো হয়। কঠোর নিরাপত্তায় প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য এবং গ্রাম পুলিশের সদস্যরা কেন্দ্রে সরঞ্জামাদি নিয়ে যান।

এবার সিলেট বিভাগের ১৯টি আসনে প্রার্থী আছেন ১১১ জন। বিভাগে মোট ভোটার ৬৬ লাখ ২০ হাজার ৬০৬ জন। সিলেট বিভাগে ভোটকেন্দ্র রয়েছে ২৮০৫টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.