নিজস্ব প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০১৮
সকাল হলেই হাতে পৌঁছাবে নতুন বই। নতুন বইয়ের গন্ধে মাতবে শিশুপ্রাণ। আজ (মঙ্গলবার) নতুন বছরের শুরুতেই নতুন বই তুলে দেওয়া হবে শিশুদের হাতে। প্রতিবারের মতো এবারও ১ জানুয়ারি সারা দেশের ন্যায় সিলেট জেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে নতুন বই। এবার জেলার প্রায় ৫ লাখের অধিক শিক্ষার্থী বই পাচ্ছে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. উবায়দুল্লাহ।
ওইদিন সকাল সাড়ে ১০টায় সিলেটের সরকারি কিন্ডার গার্ডেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে সিলেট জেলার বই উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক কাজী ইমদাদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আসলাম উদ্দিন। উদ্বোধনি সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. উবায়দুল্লাহ।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার বই পাচ্ছে বাংলা ভার্সনে জেলায় ১৪ শত ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য মিলে মোট ২ হাজার ৬ শত ৬০টি বিদ্যালয়ের ৫ লাখ ৩২ হাজার ৪৩ শিক্ষার্থী এবং ইংরেজি ভার্সনের ৩২ টি বিদ্যালয়ের মোট ৬ হাজার ২ শত ৬৭ শিক্ষার্থী।
এছাড়া বইয়ের চাহিদা ছিলো জেলায় বাংলা ভার্সনে মোট ২৫ লক্ষ ৩৩ হাজার ৩ শত ৩৪ টি। ইংরেজি ভার্সনে ২৮ হাজার ৮ শত ৬০ টি বইয়ের চাহিদা ছিলো। চাহিদার সাথে প্রাপ্তির পরিমাণও সমান বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. উবায়দুল্লাহ।
তিনি সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২০ ডিসেম্বরের মধ্যে সকল বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী বই পৌঁছে গেছে। যার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসি না। গত ২৪ ডিসেম্বর সারা দেশে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবার জেলা ও উপজেলা পর্যায় ১ জানুয়ারি সকালে বই উৎসবের উদ্বোধন হয়ে দিনের ভিতর বিদ্যালয় পর্যায় সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হবে বলে জানান তিনি।