নিজস্ব প্রতিবেদক | ০১ জানুয়ারী, ২০১৯
নতুন বছরের প্রথম দিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটসহ সারাদেশে একযোগে পালন করা হচ্ছে বই উৎসব।
মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেটের সরকারি কিন্ডার গার্ডেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে সিলেট জেলার বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আসলাম উদ্দিন। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. উবায়দুল্লাহ।
এবার সিলেট জেলার প্রায় ৫ লাখের অধিক শিক্ষার্থী বই পাচ্ছেন বলে জানিয়েছেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. উবায়দুল্লাহ।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার বই পাচ্ছে বাংলা ভার্সনে জেলায় ১ হাজার ৪শ ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য মিলে মোট ২ হাজার ৬শ ৬০টি বিদ্যালয়ের ৫ লাখ ৩২ হাজার ৪৩ শিক্ষার্থী এবং ইংরেজি ভার্সনের ৩২টি বিদ্যালয়ের মোট ৬ হাজার ২শ ৬৭ শিক্ষার্থী।
এছাড়া বইয়ের চাহিদা ছিলো জেলায় বাংলা ভার্সনে মোট ২৫ লক্ষ ৩৩ হাজার ৩শ ৩৪টি। ইংরেজি ভার্সনে ২৮ হাজার ৮শত ৬০টি বইয়ের চাহিদা ছিলো। চাহিদার সাথে প্রাপ্তির পরিমাণও সমান বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
তিনি সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২০ ডিসেম্বরের মধ্যে সকল বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী বই পৌঁছে গেছে। যার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ডিসেম্বর সারা দেশে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বছরের প্রথম দিনে প্রথম থেকে নবম শ্রেণির সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যের নতুন পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। এ বছর বিতরণ করা হবে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি নতুন পাঠ্যবই।
সকাল সাড়ে ৯টায় শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় পর্যায়ের অনুষ্ঠান রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী অনুষ্ঠান পরিচালনা এবং শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আলমগীর, এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা এবং শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে ‘বই উৎসব দিবস’ পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। সকাল ৯টায় এই অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত হন।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল হোসেন।
দেশব্যাপী প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং দৃষ্টি প্রতিবন্ধীসহ চার কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীর জন্য বিতরণ করা হবে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২ পাঠ্যবই।