বানিয়াচং প্রতিনিধি | ০১ জানুয়ারী, ২০১৯
সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) নির্বাচনী আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ খান নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন।
মঙ্গলবার (১লা জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বানিয়াচং নতুন বাজারে নির্বাচিত এমপি আব্দুল মজিদ খান পৌঁছালে সেখানে দলীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পরে বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন তিনি। এসময় ৩য় বারের মতো তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান এমপি মজিদ খান। এসময় তিনি বলেন,গত ১০টি বছর আপনাদের পাশে যেভাবে ছিলাম আগামীতেও যেন সুখে-দু:খে পাশে থাকতে পারি সেই দোয়া করবেন।
এমপি মজিদ খান দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন-নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম বলেই এ বিজয় অর্জন করা সম্ভব হয়েছে। আমাদের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরণের বিভেদ নেই। দলের স্বার্থে, দেশের স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে আমরা এই ইস্পাত কঠিন ঐক্য বজায় রেখে আগামীদিনে এগিয়ে যেতে হবে। পাশাপাশি দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে বানিয়াচং আজমিরীগঞ্জ এই দুটি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করতে পারেন সে আশাবাদ ব্যক্ত করেন এমপি মজিদ খান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান। এর আগে এমপি মজিদ খান স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বানিয়াচং নতুন বাজার সর্বস্তরের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বানিয়াচং সদরের বড়বাজার, আদর্শ বাজার ও ৫/৬নং বাজারে ভোটাদের সাথে শুভেচ্ছাবিনিময় করেন তিনি।
শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বানিয়াচং বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় বই উৎসব ২০১৯ এর শুভ উদ্বোধন করেন আব্দুল মজিদ খান এমপি।