Sylhet Today 24 PRINT

দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে মোকাব্বির

শাহ শরীফ উদ্দিন |  ০১ জানুয়ারী, ২০১৯

সংসদীয় আসন সিলেট-২ থেকে প্রথম বার নির্বাচনে অংশ নিয়ে চমক দেখালেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গনফোরামের প্রার্থী মোকাব্বির খান। প্রথম বারের মতো নির্বাচনে অংশ নিয়ে নিকটতম প্রার্থীর থেকে প্রায় ৪৯ হাজার ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন তিনি। তবে তার সংসদে যাওয়া নিয়ে রয়েছে দ্বিধা। ৩ জানুয়ারি সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সকল সংসদ সদস্যরা শপথ গ্রহণের প্রস্তুতি নিলেও মোকাব্বির খান আছেন দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে।

বিশ্বনাথ-ওসমানীনগর এ দুই উপজেলা নিয়ে গঠিত এ আসনে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে গণফোরামের ২৭ বছরের ইতিহাস ভাঙলেন মোকাব্বির খান। মাত্র চার দিনের নির্বাচনী প্রচারণায় পেয়েছেন বড় জয়। এর আগে এ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পান নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস পত্নী তাহসিনা রুশদী লুনা। তখন ঐক্যফ্রন্টের মনোনয়ন না পাওয়ায় ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানিয়ে মোকাব্বির খান প্রবাসে চলে যান। পরে নির্বাচনের প্রাক্ষালে মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ইয়াহইয়া চৌধুরীর করা রিটে হাইকোর্ট রাহসিনা রুশদী লুনার মনোনয়ন স্থগিত করে। এতেই ভাগ্য খোলে মুকাব্বিরের। ঐক্যফ্রন্টের বিকল্প প্রার্থীর খোঁজে ডাক পড়ে মোকাব্বিরের। নির্বাচনের চার দিন আগে দেশে এসে পুনরায় শুরু করেন প্রচারণা। বিএনপির সমর্থন নিয়ে মাঠে নেমে চার দিনেই চমক সৃষ্টি করেন তিনি।

এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঐক্যফ্রন্টের ভোট বর্জন ও আইনি লড়াইসহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণায় নির্বাচনে জয়ী হলেও শপথ নিবেন কি না তা নিয়ে রয়েছে দ্বিধা। এতে জয়ী হয়ে মোকাব্বিরের কপাল খোললেও তাঁর জন্য সংসদের দরজা খোলবে কি না তা নির্বর করে দলীয় সিদ্ধান্তের ওপর।

শপথ নিবেন কি না এমন প্রশ্নে সিলেটটুডে টুয়েন্টিফোরকে মোকাব্বির খান বলেন, আমি আমার নির্বাচনী এলাকার জনগণের মতামত সংগ্রহ করেছি। তারা আমাকে তাদের সিদ্ধান্ত এবং পরামর্শ জানিয়েছে। এখন আমি আমার পার্টি গণফোরামের মিটিংয়ে তা উপস্থাপন করবো। এর পর গণফোরাম যে সিদ্ধান্ত নিবে তা ঐক্যফ্রন্টের মিটিংয়ে জানানো হবে। পরে ঐক্যফ্রন্টের মিটিংয়ে সকলের সম্মিলিত মতামতে যে সিদ্ধান্ত আসবে সেটাই হবে।

নির্বাচনী এলাকার জনগণ কি পরামর্শ দিয়েছেন, তাদের চাওয়া কি এমন প্রশ্নে মোকাব্বির খান বলেন, এটা আপাতত বলা যাচ্ছে না। আমি মিটিংইয়েই তা উপস্থাপন করবো।

বিশ্বনাথ-ওসমানীনর উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৫শ ৮৬, ভোটকেন্দ্র ১২৭টি। প্রদত্ত ভোট ১ লাখ ৪৯ হাজার ৮শ ৭৩ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ১শ ৮৮। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৬শ ৮৫।

এই আসনে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খান পেয়েছেন ৬৯ হাজার ৪শ ২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ডাব প্রতীকের মুহিবুর রহমান পেয়েছেন ৩০ হাজার ৪শ ৪৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকের এনামুল হক সর্দার ২০ হাজার ৭শ ৪৫ ভোট পেয়েছেন।

বর্তমান সাংসদ মহাজোটের লাঙল প্রতীকের এ এম ইয়াহইয়া চৌধুরী এহিয়া ১৮ হাজার ৩২ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন।

দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ৫ হাজার ১শ ৭১ ভোট। হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আমির উদ্দিন ১ হাজার ৭শ ৪০ ভোট। মটর গাড়ি (কার) প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রব পেয়েছেন ১ হাজার ১শ ৭০ ভোট। আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মনোয়ার হোসাইন ১ হাজার ১শ ৫৬ ভোট। টেলিভিশন প্রতীকের বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মো. মোশাহিদ খান পেয়েছেন ৩শ ৫ ভোট।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.