সিলেটটুডে ডেস্ক | ০৩ জানুয়ারী, ২০১৯
চা বাগানের সুবিধাবঞ্চিত শিশুদের সুস্থ মানসিকতার বিকাশে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘ঊষা’। শুক্রবার সিলেটের মালিনীছড়া চা বাগানের সবুজ পরিবেশে বিকেল ২ টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
মুক্তিযুদ্ধের একটি চলচ্চিত্রসহ শিশুতোষ বেশ কয়েকটি চলচ্চিত্র রয়েছে প্রদর্শনীর তালিকায়।
‘ঊষা’র নির্বাহি পরিচালক নিগাত সাদিয়া জানান, শিশুর সুস্থ মানসিকতার বিকাশে চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম। কিন্তু আমাদের দেশে শিশুদের উপযোগি চলচ্চিত্রের সংখ্যা অত্যন্ত কম। তার মধ্যে চা বাগানের মতো সুবিধাবঞ্চিত এলাকায় যেসব শিশু বড় হচ্ছে তারা সুস্থ চলচ্চিত্রের সাথে পরিচিতও হয়ে ওঠছে না। এই ভাবনা থেকেই এই প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। আমরা চাই পরিবারের সদস্যদের সাথে বসে শিশুরা চলচ্চিত্র উপভোগ করুক। তাদের কল্পনা ও সৃজনশীলতা আরো বিকশিত হোক।
চা বাগানের শিশুদের জন্য আয়োজন করা হলেও প্রদর্শনীটি সবার জন্য উম্মুক্ত থাকবে বলে জানান আয়োজকরা। আয়োজনের সহযোগিতায় রয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, ইমজা, সিলেট।