Sylhet Today 24 PRINT

ক্লিন জাফলং, গ্রিন জাফলং কার্যক্রমের উদ্বোধন

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০১৯

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন এলাকায় প্রাকৃতিক পরিবেশ সমুন্নত রাখতে প্রশাসন এবং স্থানীয় সামাজিক সংগঠন সমূহের পক্ষ থেকে ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপনের বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জাফলং পর্যটন এলাকার সংগ্রাম বিজিবি ফাঁড়ি সংলগ্ন পর্যটনের মনোরম পরিবেশে বেড়াতে আসা পর্যটক দর্শনার্থীদের সুবিধার্থে একাধিক ডাস্টবিন গড়ে তুলার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংগ্রাম ও জাফলং পর্যটন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জাফলং টুরিস্ট গাইড ও পর্যটক নৌকা চালক যুব সংঘের উদ্যোগে ক্লিন জাফলং, গ্রিন জাফলং লেখা সম্বলিত একাধিক ডাস্টবিন ব্যবহারে পর্যটকদের উৎসাহিত কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার।

উদ্বোধনের পর সংগ্রাম বিজিবি ক্যাম্প এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে ৫০টির মতো ডাস্টবিন স্থাপন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক করিম মাহমুদ লিমন, জাফলং ভিউ পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম আহমদ, জাফলং টুরিস্ট গাইড ও পর্যটন নৌকা চালক যুব সংঘের সভাপতি বাছির মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া প্রমুখ।

এব্যাপারে কথা হলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল বলেন, গোয়াইনঘাটে বিভিন্ন স্থানে একাধিক পর্যটন স্পট রয়েছে। এসব স্পট গুলোতে পর্যটক দর্শনার্থীর আগমন ঘটে। বেড়াতে আসা ভ্রমণ প্রেয়সীদের দ্বারা স্থানীয় পরিবেশ বিনষ্ট না হওয়ার নিমিত্তে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন গুলোর পাশাপাশি এব্যাপারে পর্যটক দর্শনার্থী ও স্থানীয়দের সচেতনতায় উপজেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.