Sylhet Today 24 PRINT

সৈয়দ আশরাফের মৃত্যুতে মোমেন-কামরানের শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৯

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

শুক্রবার (৪ জানুয়ারি) সংবাদ মাধ্যমে প্রেরিত পৃথক শোক বার্তায় তাঁরা এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় মোমেন বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন বাংলাদেশের রাজনীতি অঙ্গনের নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। তাঁর পিতা জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলাম ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হিসেবে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর মতো বড়মাপের একজন রাজনীতিবিদকে হারানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের মতো রাজনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতি শোকাহত। তিনি ছিলেন একজন সৎ ব্যক্তিত্ব, দক্ষ সংগঠক ও গণমানুষের নেতা। মানুষের হৃদয়ে এই জননেতা চিরদিন তাঁর কীর্তির মাধ্যমে বেঁচে থাকবেন।

ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ওপর দিকে বদর উদ্দিন আহমদ কামরান গণমাধ্যমে পাঠানো পৃথক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পৃথক শোক বার্তায় তিনি বলেন, সৈয়দ আশরাফ বাংলাদেশের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ক্ষমতায় এসে তার সম্পদের পরিমাণ কমেছিল। এ থেকে স্পষ্ট বুঝা যায়- তিনি কতটুকু সৎ রাজনীতিবিদ ছিলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে সৈয়দ আশরাফের মতো সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদের খুব প্রয়োজন ছিল। সৈয়দ আশরাফের প্রয়াণ, দেশের জন্য অতুলনীয় ক্ষতি। যা কখনও পূরণ হবার মতো নয়।

শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান মরহুমের জন্য জান্নাত কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.