Sylhet Today 24 PRINT

ভোট কেন্দ্রে হামলা: গউছের বিরুদ্ধে এবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৫ জানুয়ারী, ২০১৯

হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলার ঘটনায় হবিগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী জি কে গউছের বিরুদ্ধে এবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন শহরের ইনাতাবাদ এলাকার আব্দুর রহিম নামে এক ব্যক্তি। মামলায় জি কে গউছ ও তার ভাই জি কে গাফফারসহ বিএনপি’র ৪৪ জন নেতাকর্মীকে আসামী করা হয়। নির্বাচনের পর এনিয়ে জি কে গউছের বিরুদ্বে বিভিন্ন অভিযোগে ৪টি মামলা দায়ের করা হল।

মামলার বিবরণে প্রকাশ, গত ৩০ ডিসেম্বর (ভোটের দিন) রবিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আলহাজ্ব জি কে গউছের নির্দেশে উল্লেখিত আসামীরা হবিগঞ্জ শহরের স্টাফকোয়ার্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ হামলার ঘটনায় অংশ নেয় হবিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আবুল হাশিম, জেলা জাসাসের সাবেক সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায় হাফিজুল ইসলাম, টিপু আহমেদ, আমজাদ হোসেন মনিসহ একদল লোক।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত জিয়াউর রহমান সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.