Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ

প্রণীথ রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ |  ০৫ জানুয়ারী, ২০১৯

ফাইল ছবি

শৈত্য প্রবাহ আর কনকনে ঠাণ্ডায় মৌলভীবাজারের কমলগঞ্জের জনজীবন বিপর্যস্ত। গত এক সপ্তাহ ধরে হিমেল বাতাস আর কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তারপরও মানুষ প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে জীবিকার তাগিদে বের হচ্ছেন ঘর থেকে।

এদিকে গত কয়েকদিনে কমলগঞ্জ উপজেলা জুড়ে শৈত্যপ্রবাহ ও শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে নানা ধরনের রোগ। বেড়েছে নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ। যার শিকার হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

চা বাগান অধ্যুষিত কমলগঞ্জ উপজেলায় শীতের তীব্রতায় বিশেষ করে তীব্র শীতে বৃদ্ধ ও শিশুরা কষ্ট পাচ্ছে সবচেয়ে বেশি। এদের বেশিরভাগ হচ্ছে ছিন্নমূল জনগোষ্ঠী। ডায়রিয়া ও নিউমোনিয়া ছাড়াও সর্দি-কাশি ও ঠাণ্ডাজনিত চর্মরোগসহ বিভিন্ন রোগে ভুগছেন তারা। এ জনগোষ্ঠীর মানুষ গরম কাপড়ের অভাবে মানবেতর জীবন যাপন করছে। এছাড়া গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরাও।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজেদুল কবীর বলেন, "প্রচণ্ড শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন শতাধিক আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০/২৫ জন রোগী বিশেষ করে শিশু, বৃদ্ধরা ডায়রিয়া সর্দি, কাশি, জ¦র, নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.